পরিত্যক্ত মাছের জাল দিয়ে গ্যালাক্সি এস২২
স্যামসাং খুব শিগগিরই তাদের সকল পণ্যে সাগরের প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করে ব্যবহার শুরু করবে। আর সেটির শুভ সূচনা হবে গ্যালাক্সি এস২২ স্মার্টফোনের মাধ্যমে। স্যামসাংয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দ্য ভার্জ।
বাজারে আসার আগে গ্যালাক্সি এস২২ স্মার্টফোন সম্পর্কে নানা তথ্য ফাঁস হচ্ছে। নতুন খবরে বলা হচ্ছে, পরিত্যক্ত মাছের জাল রিসাইকেল করে বানানো প্লাস্টিক দিয়ে তৈরি হবে স্যামসাংয়ের এই নতুন পণ্য। আগামী ৯ ফেব্রুয়ারি আনপ্যাকড ইভেন্টে স্মার্টফোনটির উন্মোচন হতে পারে।
অবশ্য ডিভাইস কী পরিমান বা কোথায় কতোটুকু প্লাস্টিক ব্যবহার করা হবে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্টটি জানিয়েছে, প্রতিবছর ছয় লাখ ৪০ হাজার টন মাছ ধরার জাল সাগরে পরিত্যক্ত হিসেবে ফেলা হয়। সাগরের প্রাণী সম্পদের জন্য এই জালগুলো বড় হুমকি। এই পরিত্যক্ত জালগুলো আশঙ্কাজনক হারে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে।
এক ব্লগ পোস্টে আরও বলা হয়, জালগুলো সংগ্রহ করে নতুন করে ব্যবহার আমাদের সাগর বর্জ্যমুক্ত রাখার জন্য এবং পৃথিবীসহ আমাদের সামগ্রিক ভবিষ্যত নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষায় এটি হয়তো ক্ষুদ্র একটি পদক্ষেপ। তবে ৯ ফেব্রুয়ারির অনুষ্ঠানে এই বিষয়ে আলাদা গুরুত্ব দেবে স্যামসাং।
ডিবিটেক/বিএমটি